বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার বিভিন্ন উপজেলার আমীরদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে সংগঠনটির গাইবান্ধা জেলা কার্যালয়ের দারুল আমান ট্রাস্টে ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মো. ফয়সাল কবির, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমানসহ আরও অনেকে।
এসময় উপজেলা আমীর হিসেবে শপথ গ্রহণ করেন- সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জের অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, গাইবান্ধা শহরের অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ, সাদুল্লাপুরের এরশাদুল হক ইমন, পলাশাড়ীর আবু বকর সিদ্দিক, সাঘাটার মাওলানা ইব্রাহিম হোসেন ও ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম।
গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম তার বক্তব্যে বলেন, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। এই দায়িত্ব আমানত হিসাবে গ্রহণ করে ঈমানদারীর সাথে পালন করা আমাদের কর্তব্য। দেশ ও জাতি সৎ ও যোগ্য মানুষ খুঁজে বেরাচ্ছে। জামায়াত সেই মানুষ তৈরীর কাজ করে যাচ্ছে। আমাদের গণপ্রত্যাশা পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















