মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল করেছে ।
শুক্রবার বাদ মাগরিব খানসামা উপজেলার পাকেরহাটে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে শাপলা চত্বরে উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আফতাবউদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন। উপজেলা ওলামা ও তারবিয়াত বিভাগের সভাপতি মটও. মনিরুজ্জামান জিহাদী বিন সিরাজীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে যেন থাকে। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুদদারি ও সিন্ডিকেটকে ভেঙ্গে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে।
এসময় উপজেলা জামায়াতের সাবেক আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও. আব্দুল্লাহ আল কাফি, উপজেলা যুব বিভাগের সভাপতি আসেদ আলীসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অপরদিকে, একইদিনে বিকাল ৪টায় রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে চিরিরবন্দর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক রাশেদুল ইসলামের নেতৃত্বে ও সভাপতিত্বে মিছিল বের করা হয়। উপজেলার দারুল ফালাহ আলিম মাদরাসা এন্ড বিএম কলেজ থেকে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘুঘুরাতলী মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ ও মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















