গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক তার স্ত্রী রিয়া মনি খাতুন (২১) কে তালাক দিয়ে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে মনে স্বস্তি নিয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে দুধ দিয় গোসল করেন ওই যুবক।
স্থানীয়রা জানায়, হৃদয় মিয়া ১ বছর আগে একই গ্রামের রিয়ামনিকে ২ লাখ ৮৫ হাজার টাকা দেনমোহর সাপেক্ষে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমানিল্য চলতে থাকে। এরই একপর্যায়ে বৃহস্পতিবার উভয় পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। এসময় মোহরনার সব টাকা বুঝে দেওয়া হয় মেয়ের অভিভাবকে। এই স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া। এসময় গ্রাম্য গানগীত গেয়ে মহা আয়োজনে হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাধ গ্রহণ করে স্বজনরা। এতে উৎসুক জনতার ঢল নামে। মুহূর্তে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানা অশান্তি তৈরি করছিল। তাকে নিয়ে কখনও প্রশান্তি মিলেনি। অনেক মুখ বুজে সহ্য করার একপর্যায়ে রিয়া মনিকে তালাকা দিয়ে অনেকটা স্বস্তি ফিরেছে মনে। এই আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















