দিনাজপুর-৪ (চিরিরবন্দর ও খানসামা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়নকে ঘিরে দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপি’র অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো ৬০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় আরও ৭০–৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিজার রহমান ভুট্টু সংঘর্ষের ঘটনার ৪দিন পর গত ১৬ জুলাই বুধবার দিবাগত রাতে বাদী হয়ে খানসামা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
দায়েরকৃত এজাহারে বলা হয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচীতে ওইদিন দুপুর ও রাতভর আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ অন্তত ২৫–৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হন। একই সঙ্গে প্রায় ৫০টি মোটরসাইকেল ভাঙচুর, মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনতাই হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। এ ঘটনাটি গত ১১ জুলাই শুক্রবার দুপুর ১২টা ও রাত ৯টার দিকে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া বাজার এলাকায় ঘটেছে। এতে মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তাঁর অনুসারী নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে অপর মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনের অনুসারীদের বিরুদ্ধে।
মামলার বাদী আজিজার রহমান ভুট্টু বলেন, এটি কোনো সাধারণ হামলা নয়, এটি আমাদের সাংগঠনিকভাবে ধ্বংস করার পরিকল্পিত চেষ্টা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ ও আহ্বান জানাচ্ছি ।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















