দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস কমিটির সাবেক সাধারণ সম্পাদক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল ৩০ জুলাই বুধবার দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।
জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালের ২৩ অক্টোবর খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস কমিটির সাবেক সাধারণ সম্পাদক খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামী করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামী। তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















