গাইবান্ধার সুন্দরগঞ্জে বাবার সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ছেলে মো, লাবিব খান লাবু (১৮)।
সোমবার সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ঘাঘট নদীর কুটিপাড়া ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করেছে রংপুরের ডুবুরি দল।
নিহত মো, লাবিব খান লাবু বামনডাঙ্গা বন্দরের মো, মতিয়ার রহমান খানের ছেলে। সে স্থানীয় বামনডাঙ্গা আবদুল হক মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে কথা হয় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো, আবদুল জব্বার এর সাথে। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘বিকেল ৪ টার দিকে বাবা এবং ছেলে দু’জনে ঘটনাস্থলে গোসল করতে নামেন। এ সময় ছেলে সাঁতার কেটে নদীর অপর পাশে চলে যায়। পরে বাবার কাছে ফেরার পথে নদীর মাঝপথে ডুবে যায় ছেলে। এরপর বাবা এবং স্থানীয়রা খুঁজত শুরু করেন। এরই এক পর্যায়ে রংপুর থেকে ডুবুরি দল এসে খোঁজার কাজে লেগে যান। নিখোঁজ হওয়ার প্রায় সাড় ৩ ঘন্টা পরে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ৩০ গজ ভাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন ডুবুরি দল। নদীর নীচে থাকা বাঁশের খুঁটিতে মরদেহটি আটকে ছিলো বলেও জানান ইউপি চেয়ারম্যান মো, আবদুল জব্বার।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















