পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় ট্রলির ধাক্কায় আহম্মদ আলী শেখ (৬০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে তারাবাড়িয়া বাজারের ফরিদের মোটরসাইকেল মেকানিক দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহম্মদ আলী শেখ একই এলাকার মৃত কাদের শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে ভ্যান নিয়ে বসে ছিলেন আহম্মদ আলী। এ সময় দুবলিয়া দিক থেকে আসা সুজানগরগামী ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে ট্রলির চাকা তার বাম হাত ও কোমরের ওপর দিয়ে উঠে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 









