বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদে মসজিদে মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ১৬টি মসজিদে এ মিলাদ, দোয়া ও তবারক বিতরণের আয়োজন করেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
অনুষ্ঠানগুলোতে সংক্ষিপ্ত এক আলোচনা সভার ব্যাবস্থাও করা হয়েছিল। সেখানে স্থানীয় দলীয় নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতা, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলগুলো পরিচালনা করেন সংশ্লিষ্ট ইউনিয়নের প্রখ্যাত আলেম ও পেশ ইমামগণ। তারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করেন। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যও দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। সবগুলো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলীর ম্যানেজার নুরনবী আজাদ বলেন, “অনুষ্ঠানগুলো ইউনিয়ন ভিত্তিক করা হয়েছে। উপজেলার ১৫ ইউনিয়নের ১৫ টি মসজিদে এবং পৌরসভার ১ টি, সর্বমোট ১৬ টি মসজিদে এ আয়োজন ছিলো। গত বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর একযোগে এ অনুষ্ঠানগুলো হয়েছে। প্রত্যেক মসজিদে সংশ্লিষ্ট ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।”
এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী জানান, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রনায়ক দেশনেতা তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু ও নিরাপদ কামনা করে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। অনুষ্ঠানে দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের উপস্থিতি নিশ্চিত করতে ইউনিয়নে ইউনিয়নে এ আয়োজন করা হয়েছিল। সবাইকে তারেক রহমানের জন্য দোয়া করার আহ্বানও জানান ডাঃ জিয়া।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









