গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাত ৪টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের পৌরসভার হুড়াভায়া খাঁ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
নিহত যুবক মো. সাইফুল ইসলাম পৌরসভার রামডাকুয়া গ্রামের (৭নং ওয়ার্ড) মো. আবদুস সাত্তার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অজ্ঞাত কোনো পরিবহন ঘটনার সময় মো. সাইফুল ইসলামকে ধাক্কা দেয়। এ সময় তিনি ওই পরিবহনের নিচে পড়ে থেঁতলে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেন। দীর্ঘদিন ধরে নিহত ওই ব্যাক্তি মানসিক ভারসাম্যহীনতা ও মৃগী রোগে ভুগছিলেন বলেও জানা গেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















