গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের সদস্য রফিকুল ইসলামকে (৫০) আটক করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।
আটক রফিকুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে।
জানা গেছে, গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার কোচাশহর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করে। তখন ব্যাংকের ভেতরে ওঁৎপেতে থাকা প্রতারক রফিকুল ইসলাম এগিয়ে এসে উত্তোলনকৃত টাকার মধ্যে জাল টাকা আছে দাবি করে উক্ত টাকগুলো হাতে নিয়ে টাকা পরীক্ষার নামে সুকৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক গ্রাহক ডা. তোফাজ্জল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে আজ সকাল ১১ টার দিকে ওই প্রতারক রফিকুল আবারও সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় গিয়ে প্রতারণার উদ্দেশ্য ঘোরাফেরা করতে থাকে। এর আগের ঘটনায় সিসি ক্যামেরায় তার চেহারা সনাক্ত হওয়ায় ব্যাংকের নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদের কক্ষে আটকে রেখে থানায় খবর দেয়। পরে উপ পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণার অভিযোগে তাকে আটক করে।
গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বলেন, সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আমরা নজরদারি বাড়িয়ে প্রতারককে আটক করে থানায় খবর দিয়েছি। গ্রাহকদের ব্যাংক এসে লেনদেন করার সময় সর্তক থাকতে হবে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলোন, সে প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









