দিনাজপুরের খানসামায় শিল্পকলা কেন্দ্রের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল ৩০ নভেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামান সরকার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, সংস্কৃতি হচ্ছে একটি জাতির পরিচয় বহনকারী শক্ত ভিত্তি। খানসামা উপজেলার সাংস্কৃতিক অঙ্গণকে আরও সমৃদ্ধ করতে এই অস্থায়ী কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে স্থানীয় শিল্পীরা নিয়মিত অনুশীলন, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকেই উপজেলা শিল্পকলা একাডেমির নিজস্ব কোনো ভবন ছিল না। এ কারণে উপজেলা পরিষদের পরিত্যক্ত একটি ভবন সংস্কার করে সংস্কৃতি চর্চার জন্য অস্থায়ী ভিত্তিতে শিল্পকলা একাডেমির এ ভবন চালু করা হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









