লালমনিরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে শহীদ শাহজাহান কলোনী, রায়পাড়া এবং দুপুরে খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) কর্তৃক দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ ও এলিট গার্মেন্টস-এর সহযোগিতায় লালমনিরহাট পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রকল্প এলাকার উপকারভোগী স্পন্সর শিশুর পরিবার, নারী ও যুবসমাজসহ অসহায়, অতি-দরিদ্র, রোগাক্রান্ত ও বিশেষ চাহিদাসম্পন্ন মোট ৩৪০টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের প্রাক্তন মহিলা কাউন্সিলর সুজাতা বেগম, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো শীত মোকাবিলায় তাৎক্ষণিক সহায়তা পেয়েছে। মানবিক এই উদ্যোগের জন্য ইউএসএস, একশনএইড বাংলাদেশ ও এলিট গার্মেন্টস-এর প্রতি স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 









