দিনাজপুরের খানসামায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সরকারি-বেসরকারি উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে জিয়াসেতুর পূর্ব পাশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশিয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাংলাদেশকে মেধাশুন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই একটি সমৃদ্ধ, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সাংবাদিক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









