গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ট ভ্যানের ধাক্কায় ২ জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪ যাত্রী আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুরল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্লস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ওইসময় একটি কাভার্টভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে অপর একটি অটোরিকশার সঙ্গে ধাকা লাগে। এতে অটোরিকশার ২ যাত্রী নিহত ও আরও ৪ যাত্রী আহত হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 














