তোফায়েল হোসেন জাকির : পবিত্র মাহে রমজান মাস এলেই যখন বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার অভিযোগ ওঠে, ঠিক তখনী এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন- গাইবান্ধার সাদুল্লাপুরের কিশামত দশলিয়া এলাকার আব্দুর রহিম সরকার নামের এক ব্যক্তি।
যাতে করে নিম্নআয়ের মানুষেরা ভালোভাবে খেয়ে-পড়ে রোজা রাখতে পারেন, এ লক্ষ্যে ‘মানবতার সদাই ঘর’ নামে একটি দোকান দিয়েছেন তিনি। সেখান থেকে রোজাদার পরিবারের জন্য প্রতি কেজি আলু ২ টাকায় বিক্রিসহ বিভিন্ন নিত্যপণ্য একগুণ কম দামে বিক্রি করছেন এই আব্দুর রহিম।
সম্প্রতি সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজারে গিয়ে দেখা গেছে- মানবতার সদাই ঘরে ভোক্তাদের উপচেপড়া ভিড়। এখানে পরিবারের চাহিদা অনুযায়ী কম দামে নিত্যপণ্যসামগ্রী কিনছেন ছিন্নমূল পরিবারের মানুষেরা। এসময় তাদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।
দুস্থ পরিবারের রোজাদার ব্যক্তিরা বলছেন- মানবতার সদাই ঘরে রমজান মাসজুড়ে প্রতি কেজি আলু ২ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, লবন ১৫ টাকা, চাল ৩০ টাকা, মুড়ি ২০ টাকা, আটা ৩০ টাকা ও ডিম ২৫ টাকা হালিসহ আরও অন্যান্য পণ্যসামগ্রী একগুণ দাম কমে কিনছেন। ইতোমধ্যে আব্দুর রহিম সরকারের এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া পড়েছে জানিয়েছেন স্থানীয়রা।
পণ্যসামগ্রী কিনতে আসা নজরুল ইসলাম ও মরিয়ম বেগমসহ আরও অনেকে জানান, আব্দুর রহিম সরকার ভাইয়ের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। উর্ধ্বগতির বাজারে কম দামে ভোগ্যপণ্য কিনতে পেরে অনেকটা স্বস্তি ফিরেছে।
মানবতার সদাই ঘরে দায়িত্বে থাকা কাওছার হাবিব জানান, আমরা চাই অসহায় মানুষগুলো রমজানে স্বস্তিতে থাকুক। এ লক্ষ্যে আমাদের দোকান থেকে নামমাত্র দাম নিয়ে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে।
সাদুল্লাপুরের কান্তনগরস্থ মানবতার সদাই ঘরের মালিক আব্দুর রহিম সরকার বলেন, এই রমজান মাসে সবাই যেনো একটু ভালোভাবে খেতে পারেন, সেই উদ্দেশ্যে ২ টাকা কেজিতে আলুসহ সব ধরণের নিত্যপণ্য একদম কম দামে বিক্রি করছি।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 


















