গাইবান্ধা সদর উপজেলায় “জলবায়ু সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) গাইবান্ধা সদর উপজেলা পরিষদের হলরুমে এই সংলাপ সভা আয়োজন করা হয়।
গাইবান্ধা ইকোসাইকেল: বন্যা সহনশীল সবুজ অর্থনীতির জন্য তরুণদের উদ্ভাবন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে সৃজনশীল গাইবান্ধা। সহ-আয়োজক হিসেবে ছিল- ন্যাশনাল ইয়ুথ ফোরাম (এনওয়াইএফ) এবং সহযোগিতায় ছিল ভিএসও বাংলাদেশ।
সংলাপ সভায় জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব, প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব পণ্য তৈরি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধা প্রায় প্রতিবছরই বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন পরিবেশগত সংকটের সম্মুখীন হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্থানীয় মানুষের জীবিকা, কৃষি ব্যবস্থা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাইবান্ধা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ লাইলাতুল হোসেন, ভিএসও বাংলাদেশের ইনক্লুশন অ্যান্ড পার্টিসিপেটরি প্র্যাকটিস বিভাগের ন্যাশনাল ভলান্টিয়ার উম্মে হাবিবা, কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, সচেতন নাগরিক কমিটির সভাপতি ও সৃজনশীল গাইবান্ধার উপদেষ্টা আফরোজা বেগম লুপু, গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও সৃজনশীল গাইবান্ধার উপদেষ্টা এবিএম জিল্লুর রহমান, গাইবান্ধা সদর সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ, যুব উন্নয়ন কর্মকর্তা সুজন মিয়া, সৃজনশীল গাইবান্ধা’র সভাপতি মেহেদী হাসান, প্রজেক্ট প্রজেক্ট অফিসার আতহার মিহদা তুবা, কামারজানি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাহাবুবুর রহমান, পরিবেশবান্ধব কলম উদ্যোক্তা শরিফুল ইসলাম, ন্যাশনাল ইয়ুথ ফোরাম (এনওয়াইএফ)-এর গাইবান্ধা জেলার সভাপতি বেলাল হোসেনসহ অনেকে।
সভায় স্থানীয় যুব সংগঠনের সদস্য, নারী ও তরুণ প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। প্রায় ৪০ জন অংশগ্রহণকারী সংলাপে অংশ নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ কমানো, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল কমিউনিটি গড়ে তোলা সম্ভব। তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রশাসনের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
গাইবান্ধা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মিজ লাইলাতুল হোসেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর দূরের কোনো বিষয় নয়; এটি আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে। প্লাস্টিক দূষণ কমানো, পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 













