গাইবান্ধার একদল তরুণ শিক্ষার্থী ঈদে নিজেদের নতুন জামার জন্য বাবা মার দেওয়া টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। প্রথম আলো বন্ধুসভার ব্যানারে এই কর্মসূচি বাস্তবায়ন করেন তারা।
বুধবার (১১ মার্চ) দুপুরে গাইবান্ধা শহরের রেলস্টেশন বস্তি এলাকায় ৫১ জন শিশুর মধ্যে নতুন রঙ্গিন জামা এবং ১০টি দরিদ্র পরিবারের মধ্যে সেমাই-চিনি বিতরণ করা হয়।
স্থানীয় সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক নিফাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাশফিহা খানম, প্রচার সম্পাদক খন্দকার রিমি, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক আতহার মিহদা তুবা, সৃজনশীল গাবান্ধার সদস্য রঞ্জন দেবনাথ, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীনসহ অনেকে।
সুধিভোগী শিশু শারমিন আক্তার বলে, এবার ঈদে সগলের মত হামিও নয়া কাপড় পরে ঈদের মাঠে যামো। হামাক খুব খুশি নাগছে।
গাইবান্ধা বন্ধুসভার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন মৃধা সোহাগ বলেন, বন্ধুসভার সদস্যরা সবাই শিক্ষার্থী। তারা বেকার। কিন্তু তাদের নিজেদের নতুন জামার জন্য বাবা মার দেওয়া টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়দের জন্য কিছু করাটা মহৎ উদ্যোগ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















