পদ্মা নদীতে নিয়মিত টহল চলাকালে অজ্ঞাত সন্ত্রাসীদের অতর্কিত হামলায় পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল রাতে পদ্মা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল। টহল দলটি কুষ্টিয়ার হরিপুর সীমানার কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দল তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালেও উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে।
সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নৌ পুলিশের পাঁচ সদস্য গুরুতর আহত হন। আহতরা হলেন, খন্দকার শফিকুল ইসলাম (ইনচার্জ, লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ি), পুলিশ সদস্য ইনামুল হক,শাহিনুর হক ,নাজমুল হাসান,মানিক মিয়া।
আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে। বাকি চারজন বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানিয়েছেন: ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করতে এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 












