বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় হাশেম আলী (৩৫) নামে এক অটোভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাশেম আলী নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর সড়কপাড়ার ইন্তাজ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হাশেম আলী কুন্দারহাট এলাকা থেকে অটোভ্যানে ফ্রিজ নিয়ে নন্দীগ্রামের দিকে রওনা দেন। এ সময় বগুড়ার দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পিছন থেকে সজোরে তাঁর অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি মহাসড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে চাপা পড়ায় গুরুতর আহত হন হাশেম আলী। এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত হাশেম আলীকে উদ্ধার করে অটোরিকশা যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয় এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 


















