দিনাজপুরের চিরিরবন্দরে পৈত্রিক জমির ভাগ নিয়ে বিরোধের জের ধরে নৃশংস ছুরিকাঘাতে শহিদুল ইসলাম দুলু ইসলাম (৭০) ঘটনাস্থলেই নিহত ও তার ছেলে গুরুতর আহত জয়নাল আবেদীন কাবিল ওরফে বিশু (২৭) সৈয়দপুর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেছে। এ মর্মান্তিক ঘটনাটি মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের টেপাপাড়ায় ঘটেছে। এ ঘটনায় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফতেজংপুর ইউনিয়নের টেপাপাড়ার নিহত শহিদুল ইসলাম দুলুর দুই সংসার। প্রথম সংসারের স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল। দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। দুলুর পিতা প্রথম পক্ষের দুই নাতি হাবিল ও কাবিলকে কিছু জমি লিখে দেন। দ্বিতীয় পক্ষের সন্তানেরা সেই জমির অংশ দাবি করেন। কিন্তু হাবিল ও কাবিল সেই জমি থেকে কোনো অংশ তাদের দিতে চাননি। এনিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সকালে সকালে শহিদুল ইসলাম দুলু তার প্রথম স্ত্রীর বড় ছেলে জয়নাল আবেদীন (৩৫) কে সাথে নিয়ে ভুট্টাক্ষেতে ভুট্টা তুলতে যাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদেকুল ইসলাম (৩০) ও সাকিব ইসলাম (২০) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ভুট্টা ক্ষেতের মধ্যেই পিতা ও ভাইকে এলোপাতাড়ি মারপিট শুরু করলে তারা গুরুতর আহত হন। একপর্যায়ে তারা নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুলু মারা যান। গুরুতর আহত জয়নাল আবেদীনকে তার শ্যালক মাহমুদুল হোসেন দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়নাল আবেদীনের মরদেহ বর্তমানে সৈয়দপুর হাসপাতাল মর্গে রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তরা সকলে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















