গাইবান্ধার সুন্দরগঞ্জে বোরো ধানের ক্ষতিকারক পোকা দমনে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে পরিবেশ বান্ধব জৈব বালাই দমন পদ্ধতি বা পার্চিং পদ্ধতি। দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বলে চাষিরা এ পদ্ধতির দিকে বেশি ঝুঁকছেন। একদিকে যেমন বিষমুক্ত পদ্ধতিতে পোকা দমন হচ্ছে কতেমনিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি মৌসুমে ২৫ হাজার ৭’শ ৮৮ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত পার্চিংয়ের আওতায় এসেছে প্রায় ১৮ হাজার হেক্টর জমি। এবার রোপণ হয়েছে উন্নত ফলনশীল ব্রিধান ২৮, ২৯, ৪৭, ৫০, ৫৫, ৫৮, ৫৯, ৬৩, ৭৪, ৮১, ৮৪, ৮৯, জিরাশাইল, গোল্ডেন আতপ, কাঠারি ভোগ, হাইব্রিড জাতের ধান।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠে দেখা যায় পার্চিংয়ের দৃশ্য। পার্চিং মানে খেতে ডালপালা পুঁতে দেওয়া। ফসলের জমিতে ডাল, কঞ্চি, বাঁশের খুঁটি এগুলো পুঁতে পাখি বসার ব্যবস্থা করলে পাখি ক্ষতিকারক পোকার মথ, বাচ্চা, ডিম খেয়ে পোকা দমন করে। মূলত ফিঙে, শালিক, বুলবুলি, শ্যামা, দোয়েল এসব পাখি পার্চিংয়ে বসে পোকা ধরে খায়। ফসলের পোকা দমনের এ পদ্ধতি বলতে গেলে ব্যয়বিহীন ও পরিবেশবান্ধব। ফসলের ক্ষেতে ডেড পার্চিং ও লাইভ পার্চিং দুটিই করা যায়। মরা ডালপালা পুঁতে দিলে তা হবে ডেড পার্চিং। আর ধঞ্চে, অড়হর এসব জীবন্ত গাছ জমিতে নির্দিষ্ট দূরত্বে লাগিয়ে দেওয়া হলো লাইভ পার্চিং। প্রতি বিঘাতে অন্তত ৪-৫ টি বাঁশের আগা, কঞ্চি বা ডাল পুঁততে হয়। ফসল রোপণের পরপরেই পার্চিং স্থাপন করতে হয়। ফসলের সর্বোচ্চ উচ্চতা থেকে কমপক্ষে এক ফুট উচ্চতায় পার্চিং করতে হয়।
দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘এবার সাড়ে নয় বিঘা জমিতে ইরি বোরো চাষ করেছি। কৃষি বিভাগের পরামর্শে পার্চিং পদ্ধতি অবলম্বন করায় জমিতে কীটনাশক কম লেগেছে, ফলে গত বছরের চেয়ে খরচ কম হয়েছে।‘
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফরিদুল হক বলেন, ‘ধানের ক্ষতিকর মাজরা পোকা দমনে পার্চিং পদ্ধতি খুব কার্যকর। এই পদ্ধতি কাজে লাগালে কীটনাশকের ব্যবহার কমে যায়।‘
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ বলেন, ‘পার্চিং পদ্ধতি অবলম্বন করলে উৎপাদন খরচ কমে। বালাইনাশকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে দূষণমুক্ত রাখা যায়। চলতি বোরো মৌসুমে এখন পর্যন্ত ৭০ শতাংশ জমি পার্চিংয়ের আওতায় এসেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা চাষিদের নিয়মিত পার্চিং ব্যবহারের পরামর্শ দিচ্ছে।
বিপুল ইসলাম আকাশ , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 















