গাইবান্ধার সুন্দরগঞ্জে মিথ্যে টাকা পাওয়ার স্বীকারোক্তি নিতে গিয়ে মো. রিফাত মিয়া (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীকে কংক্রিটের খুঁটিতে বেঁধে বেধড়ক মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
মো. রিফাত মিয়া জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. দেলোয়ার হোসেন।
এ ঘটনায় আইনি সহায়তা নেয়ার উদ্যোগ নিলে ওই পরিবারের উপর মধ্যযুগীয় কায়দায় আবারও হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ ৫ জন গুরুতর আহত হন। শ্লীলতাহানি ও ভাঙচুরের পাশাপাশি করা হয়েছে লুটপাটও।
ঘটনাটি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামে ঘটেছে। এ ঘটনায় মোছাঃ শিল্পি বেগম নামের এক ভুক্তভোগী গৃহবধূ থানায় এজাহার দিয়েছেন। তার স্বামীর নাম মো. আইনুল হক।
আহতরা হলেন, মোছাঃ জেলেখা খাতুন (৭০), মো. আইনুল হক (৫০), মোছাঃ শিল্পি বেগম (৩৭), মো. রিফাত মিয়া (১৫) ও মো. শিহাব মিয়া (১০)।
গতকাল শুক্রবার দুপুর ২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। তিনি বলেন, “এর আগে গত ১১ জুন (বুধবার) রাতে এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ তৎপর রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী মৃত অছিম উদ্দিনের ছেলে মো. আতিউর রহমান (৫৭) ও মো. আতোয়ার রহমান গংদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিলো। এর জেরে গত ১৮ মে বাদী মোছাঃ শিল্পী বেগমের ভাতিজা রিফাত মিয়াকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে কংক্রিটের খুঁটির সঙ্গে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। আদায় করা হয়, ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা পাওনার একটি মিথ্যা স্বীকারোক্তির কাগজ। এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার উদ্যোগ নিলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরদিন ১৯ মে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে ভুক্তভোগীদের বাড়িতে হামলা চালায়। এতে গুরুতরভাবে আহত হন ওই ৫ জন।
এজাহারে বলা হয়েছে, আহত মোছাঃ শিল্পি বেগমকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা বেগতিক হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় বসতঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগী নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটানো হয়েছে। ভুক্তভোগীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















