গাইবান্ধার সাঘাটা উপজেলার শিবির নেতা সাইফুল্লাহ বারি হত্যাকাণ্ড এবং পূর্বে স্বজন হত্যার বিচার না পাওয়ার ক্ষোভে দুধ দিয়ে গোসল করে প্রতিবাদ জানালেন আব্দুল জলিল তোতা।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার বোনারপাড়ায় নিজ বাড়িতে তিনি এ প্রতীকী কর্মসূচি পালন করেন।
আব্দুল জলিল তোতা বলেন, বিএনপির আমি একজন সমর্থক। ২০১৮ সালের ৫ জুলাই আমার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্যে হত্যা করা হয়। দীর্ঘ আট বছরেও সেই হত্যার বিচার পাইনি। আবার গত ২১ জুন আমার মামাতো ভাই ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার পাব কি না, তাও জানি না। বারবার স্বজন হারানো এবং বিচারহীনতার অভিজ্ঞতা আমাকে হতাশ করেছে। এখন থেকে বিএনপিসহ কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকবো না।
এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ বলেন, আব্দুল জলিল তোতা বিএনপির কোনো পদধারী নেতা বা কর্মী নন। তিনি বিএনপির কোনো কমিটির সদস্যও নন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















