বগুড়ার নন্দীগ্রামে মধ্যরাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে বিশিষ্ট ব্যবসায়ী ও কৃষক মিজানুর রহমান মিনহাজের পাঁচটি খড়ের পালা পুড়ে গেছে। এতে তাঁর আনুমানিক আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার পর নন্দীগ্রাম উপজেলার কৈডালা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও কৃষক মিজানুর রহমান মিনহাজের পরিবারের সদস্যরা হঠাৎ ধোঁয়া-পোড়া গন্ধ টের পেয়ে ঘর থেকে বের হয়ে গিয়ে দেখেন, বাড়ির পাশে পাঁচটি খড়ের পালায় দাউদাউ করে আগুন জ্বলছে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি খড়ের পালার অধিকাংশই খড় পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান মিনহাজ জানান, এসব খড় গবাদিপশুর খাদ্য এবং কৃষি কাজের প্রয়োজনের জন্য সংরক্ষণ করা হয়েছিলো। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েছে। এতে আমার আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান মিনহাজসহ স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত সনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 












