গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের আব্দুল লতিফ ওরফে আইয়ুব নামের এক ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের মাধ্যমে মামলা দেওয়ার অভিযোগ ওঠেছে। স্থানীয় রেজাউল করিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ। এ ঘটনায় মানহানির দাবি করে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের লোকজন।
বুধবার (৮ জুলাই) উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর দামোদরপুর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্যে আব্দুল লতিফ ওরফে আইয়ুব বলেন, সম্প্রতি উত্তর দামোদরপুর গ্রামের সুরুজ্জামান সরকারের ছেলে রেজাউল করিম আমার বিরুদ্ধে চাঁদা দাবিসহ পুকুরের পাড় কেটে মাছ লুটের মিথ্যা অভিযোগ উত্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে। একইসঙ্গে মামলাও করেছে। আমার বিরুদ্ধে আনা চাঁদাবাজি, মাছ লুট, মারধর, জাল কেটে ফেলা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। যা মানহানি করা হয়েছে।
আব্দুল লতিফ ওরফে আইয়ুব আরও বলেন, দীর্ঘদিনের একটি জমি-সংক্রান্ত বিরোধকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে আমাকে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি আইন ও বিচারব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করি, আদালতে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















