গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মিয়া বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শাওন মিয়া দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট তৈরি করতেন। তিনি মোটরসাইকেল চালানোর সময় অন্যদের দিয়ে ভিডিও ধারণ করতেন এবং সেগুলো নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেন। এতে তার ভিডিওতে ব্যাপক ভিউ হতো।
এরই একপর্যায়ে সোমবার সকালে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরির সময় শাওন মিয়া হ্যান্ডেল ছেড়ে দেন। কিছুদূর যাওয়ার পর তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















