গাইবান্ধা সদর উপজেলার প্রধানের বাজার থেকে কালিরবাজার রাস্তায় প্রায় ১৫ বছর পূর্বে বন্যায় ভেঙ্গে যাওয়া ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসুচি হয়েছে।
শনিবার (২০মার্চ) এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গিদারী শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার ভুক্তভোগী বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর মাস্টার, জেলা সিপিবির সদস্য মশিউর রহমান মইশাল, উত্তর গিদারী শাখা সিপিবি’র সম্পাদক জাহাঙ্গীর মন্ডল প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, প্রায় ১৫ বছর আগে বন্যায় পানির তোড়ে ব্রিজটি ভেসে গেলেও আজও কেন ব্রীজটি নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে না তা বোধগম্য নয়। তারা বলেন, ইউনিয়নবাসী বড় একটি অংশের মানুষ এই পথে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাতায়াত করে তারপরেও ব্রীজটি নির্মাণে কর্তৃপক্ষের গাফিলতি সীমা লঙ্ঘন করছে। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে ডাক দেয়া হবে বলেও বক্তাগণ হুঁসিয়ারী দেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















