গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ জনগণের দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত লংমার্চের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, লংমার্চের দাবিগুলো কোনো দল বা নির্দিষ্ট গোষ্ঠীর নয়; এগুলো জনগণের দাবি। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া বিপুলসংখ্যক মানুষের দাবির প্রতিফলন ঘটেছে। এসব দাবি আদায়ে ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
উপজেলা জামায়াতের আমির ইরশাদুল হক ইমনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম।
এতে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মাওলানা সাফিউজ্জামান, মাওলানা লোকমান হোসেন, মাওলানা শাহ আলম, রফিকুল ইসলামসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার, গণসংযোগ বাড়ানো এবং কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















