গাইবান্ধা শহরে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৩ কেজি শুকনা গাঁজাসহ হামিদুল হক (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হামিদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা পৌর এলাকায় বিশেষ অভিযান চালায়। রাত ৯টা ৪০ মিনিটে পুরাতন জেলখানা মোড় এলাকায় বকুলের পানের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনার সময় হামিদুল হককে আটক করা হয়। পরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৩ কেজি শুকনা গাঁজা জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদুল জানিয়েছেন, কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চওয়াবাড়ী মৌজা এলাকার নয়ন মিয়ার (২৬) কাছ থেকে কম দামে গাঁজা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ধাপেরহাট যাচ্ছিলেন তিনি। এ কাজে আরও একজন পলাতক ব্যক্তি তাঁকে সহায়তা করছিলেন বলে পুলিশের কাছে তিনি জানিয়েছেন।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোত্তালেব সরকার বলেন, এ ঘটনায় গ্রেপ্তার হামিদুল হক ও পলাতক নয়ন মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















