গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পানিতে পড়ে আবু সাঈদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলকার তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ পশ্চিম বেলকার তেলিপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির লোকজনের অগোচরে কোনো একসময় বাড়ির পাশের পানিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজার একপর্যায়ে পানিতে শিশুটির সন্ধান পান তারা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুটিকে দ্রুত পানি থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্ল্যাহ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়ির আশপাশে পানি থাকায় শিশুদের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই অভিভাকদের সতর্কতা জরুরি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















