গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে আর্থিক প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এই প্রতারণার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে গাইবান্ধা এসআরবি-১৩ ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আইদুল হোসেনের ছেলে সোহেল মন্ডল (২৭) এবং হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম (২২)।
এসআরবি-১৩-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আমিনুল ইসলামকে মোবাইল ফোনে কল করে জানানো হয়, তাঁর ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন। পরে ছেলেকে ছাড়িয়ে নিতে টাকা দাবি করা হয়।
এসআরবি জানায়, প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আমিনুল ইসলামের ছেলের কণ্ঠস্বরের মতো করে কথা বলে তাঁর বিশ্বাস অর্জনের চেষ্টা করে। একপর্যায়ে দাবিকৃত টাকা দিতে রাজি হন আমিনুল ইসলাম। তিনি দুই দফায় নগদ (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) এর মাধ্যমে মোট ৪০ হাজার টাকা দেন। এ টাকা দেওয়ার পর ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমিনুল ইসলাম জানতে পারেন, তাঁর ছেলে পুলিশের হাতে আটক হয়নি। তখন তিনি প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নাটোর সদর থানায় তিনি বাদী হয়ে একটি মামলা করেন।
এসআরবি-১৩ জানায়, মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এসআরবি-১৩-এর সিপিসি-৩-এর একটি দল বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেল মন্ডল ও হেলাল ইসলামকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহারের অভিযোগে নয়টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা এ ধরনের প্রতারণার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ায় বিষয়টি নিশ্চিত হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















