গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে পড়ে খালাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া (হাঝরাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যু শিশুরা হলেন- দশলাল পশ্চিমপাড়া (হাঝরাপাড়া) গ্রামের ফরহাদ মিয়ার মেয়ে মিম আক্তার (৩) তার শ্যালীকা সারমিন বেগমের মেয়ে আফরিন খাতুন (৪)।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন আগে টাঙ্গাইল থেকে আফরিক খাতুন তার মায়ের সঙ্গে খালু ফরহাদ মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। এরই মধ্যে বুধবার সকালের দিকে হাঁস ধরতে গিয়ে শিশু মিম ও আফরিন পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
শাখাহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য লাইজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একইসঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই হৃদয়বিদারক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের মাতম।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনার খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















