বগুড়ার নন্দীগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ির ছয়টি কক্ষ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টাকুরাই গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মৃত অছির উদ্দিনের ছেলে বাবলু মন্ডল ও তাঁর ভাই সাহেব আলী। বাবলু মন্ডল ওই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে তাঁদের দোতলা মাটির বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির ছয়টি কক্ষের বিভিন্ন মালামালসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে যায়।
পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, দুর্যোগ ও বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাবলু মন্ডল ও তাঁর ভাই সাহেব আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 


















