‘দঙ্গল’ খ্যাত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) দুপুরে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তথ্যটি জানিয়েছেন তিনি নিজেই। বর্তমানে বাসায় কোয়ারেন্টিন আছেন তিনি।
ওই পোস্টে ফাতিমা সানা শেখ লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সমস্ত নিয়ম মেনে বাড়িতে নিজেকে আলাদা রেখেছি। আপনাদের উদ্বেগ ও শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।
এ অভিনেত্রীর সুস্থতা কামনা করে পোস্ট করেছেন বলিউডে বহু তারকা এবং তার অনুরাগীরা।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ সিনেমা দিয়ে বলিউডে খ্যাতি কুড়িয়েছেন ফতিমা। ‘থাগস অব হিন্দুস্তান’, ‘লুডো’ এবং ‘সুরজ পে মঙ্গল ভারী’ সিনেমায় তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।
কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। ‘দঙ্গল’ সিনেমায় ফাতিমা সানার বাবার চরিত্রে অভিনয় করেন তিনি।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, বরুণ ধাওয়ান, রণবীর কাপুরসহ অনেকেই।
জাগো২৪.নেট, বিনোদন ডেস্ক 
















