ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরায় ২৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল পর্যন্ত ভোলা সদর উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার ধনিয়া, ইলিশা ও ভেদুরিয়া এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ ও জেলা পুলিশ। এ সময় জেলেদের কাছ থেকে অবৈধ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ৯টি নৌকা জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসেন, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রথিক দে।
পরে আটককৃত ২৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ খান বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসেন বলেন, ’নিষেধাজ্ঞার সময়ে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ২৪ জেলেকে আটক করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে আমাদের মৎস্য সংরক্ষণ অভিযান চলমান থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ভোলা 















