সিলেটের প্রতিটি থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। থানাগুলোকে সুরক্ষিত রাখতে লাইট মেশিনগান (এলএমজি) পোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে প্রতিটি থানায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় দেশের উদ্ভূত পরিস্থিতিতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলার সবগুলো থানায়।
সিলেট কোতোয়ালি থানায় সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে মেশিনগান (এলএমজি) পোস্ট। এর দায়িত্বে রয়েছেন একজন সদস্য। কোতোয়ালি থানায় অতিরিক্ত ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। থানার ছাদে এবং সামনের ফাঁকা স্থানেও এ ধরনের পোস্ট বসানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এসএমপি’র সব থানা, ফাঁড়ি ও স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
‘যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি স্থাপনায় এলএমজি পোস্ট বসানো হয়েছে। শুধু থানা আর ফাঁড়ি নয়, সরকারি সব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ফোর্স তৈরি রাখা হয়েছে। কেউ নাশকতামূলক ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে’, বলেন আজবাহার আলী শেখ।
সিলেট জেলার ১১টি থানাতেও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব থানায় এলএমজি পোস্ট বসানোর কাজ চলছে। তবে, সব থানায় এলএমজি সরবরাহ করা হয়েছে।
সিলেট পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, ‘ঝুঁকির মাত্রা বিবেচনায় প্রতিটি থানায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা করে আর পার পাবে না। প্রয়োজনীয় সবধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিলেট 















