গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে আকতারুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪) বিকালের দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের মোশারফের ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকতারুল ইসলাম ভাটি কাপাসিয়া গ্রামের ফাজার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, জাল নিয়ে তিস্তা নদীতে মাছ ধরতে যায় আকতারুল। এসময় সে নদীতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে মোশারফের ঘাট নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ তথ্য নিশ্চিত করে কাপাসিয়া ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বাউল মিয়া বলেন, আকতারুল ইসলাম ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকুরি করছিলেন। নতুন বিয়েও করেছে সে। ছুটিতে বাড়িতে এসে অনাকাঙ্খিত এই ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই বেদনাদায়ক।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















