প্রকাশের সময়:
১০:২২:১২ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
৭
সাদুল্লাপুরে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকিতে ফসলি জমি ও ঘরবাড়ি, শিরোনামে সংবাদটি অনলাইন নিউজ পোর্টাল জাগো২৪.নেট ও বার্তা২৪.কম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর নজরে পরে পুলিশ প্রশাসনের। অবশেষে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের মেশিন জব্দ করা হয়। যার ফলে বন্ধ হয়ে গেলো বালু উত্তোলন ব্যবসা।
রোববার (৬ জুন) সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানার নির্দেশে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙামোড় এলাকার ঘাঘট নদীর বালু উত্তোলন স্থানে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের একটি শ্যালোমেশিন জব্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এমরান খান বলেন, সঙ্গীয় ফোর্স নিয়ে ওইস্থানে অভিযান চালানো হয়। এসময় একটি শ্যালোমেশিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে বালু উত্তোলন। ঘটনাস্থলে অসাধু বালু ব্যবসায়ী মন্টু মিয়াকে না পাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দামোদরপুর বুড়িরভিটা গ্রামের অসাধু বালু ব্যবসায়ী মন্টু মিয়া মধ্য ভাঙামোড় এলাকার ঘাঘট নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এতে ফসলি জমি ও ঘরবাড়ি হুমকিতে পড়েছিল। এ সংবাদটি প্রকাশে অবশেষে থানার ওসি মাসুদ রানার ভূমিকায় বন্ধ করা হলো অবৈধ বালু উত্তোলন।