দিনাজপুরের চিরিরবন্দরের ঘুঘুরাতলীতে র্যাব-১৩ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোটরসাইকেলসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ঘুঘুরাতলী নামকস্থানে এঘটনাটি ঘটেছে।
জানা গেছে, র্যাব-১৩ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘুঘুরাতলীতে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার বালিয়া উপজেলার মৃত বেতন মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪৭), নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সুরমাপুর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে রুবেল (৩৪) ও দিনাজপুর সদর উপজেলার ঝাড়বাড়ী মাহুদপাড়ার মৃত খবিরউদ্দিনের ছেলে রায়হান হিপ্পু (৩৪) কে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১ হাজার ৯৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ৪৮০ টাকা, ৪টি মোবাইল ফোন ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের কোর্টে সোর্পদ করা হয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















