পীরগঞ্জে বিবাদমান জমির উপরে করা ১৪৪ ধারা ভঙ্গ করায় পুলিশ বিবাদীদের কে গ্রেপ্তার করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। গতকাল বুধবার ওই ঘটনায় পুলিশ আদালতে প্রসিকিউশন দিয়েছে। উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর মৌজায় ঘটনাটি ঘটেছে।
মামলা, পুলিশ ও বাদীর সুত্রে জানা গেছে, উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর মৌজার আইয়ুব আলী একই গ্রামের শরৎ চন্দ্রের কাছ থেকে সাবেক ৭৩৪ নং দাগে ২০০৭ সাল থেকে ৩ টি দলিলমুলে ৮ শতাংশ জমি ক্রয় করে নেন। কিন্তু হাসানপুর গ্রামের মৃত বক্তার আলীর ছেলে সাহিদার রহমানসহ কয়েকজন জমিটির মালিকানা দাবী করে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। একপর্যায়ে জমিটির ক্রয় সুত্রে মালিক আইয়ুব আলী প্রতিপক্ষ সাহিদার রহমান গং কে জমিতে প্রবেশে নিষেধাজ্ঞার জন্য রংপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত থেকে গত ১০ আগষ্ট ১৪৪ ধারা জারি করে আনেন। তারপরও সাহিদার গং গত ১৭ সেপ্টেম্বর আদালতের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে জমিতে প্রবেশ করলে থানার এসআই মামুন মিয়া তাদেরকে গ্রেফতারের জন্য ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে জমিটির ক্রেতা আইয়ুব আলী বলেন, আমি শরৎ চন্দ্রের কাছ থেকে ২০০৭ সালে ৫২২৭ নং দলিলমুলে ৫ শতক, ২০০৯ সালে ৩১০৫ নং দলিলমুলে ১ শতক এবং ২০১৩ সালে ৫৯৯১ নং দলিলমুলে ২ শতক মোট ৮ শতক জমি ক্রয় করে ভোগদখল করছি। কিন্তু কিছু দিন ধরে আমার গ্রামের সাহিদার, তার ভাই সাজেদুল ইসলামসহ আরও ২ জন জমিটি অন্যায়ভাবে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। আমি আদালত থেকে ১৪৪ ধারা জারি করে এনেছি।
থানার এসআই মামুন মিয়া বলেন, ওই জমি নিয়ে যেন আইন-শৃঙ্খলার বিঘ্ন না ঘটে এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় বিবাদীদের কে নোটিশ দেয়া হলেও তারা ১৪৪ ধারা ভঙ্গ করায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে আদালতে প্রসিকিউশন দিয়েছি।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 


















