পরাটা খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের এক কন্যা শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশি দূর্সম্পর্কের এক ফুপার বিরুদ্ধে। ঘটনার পর থেকে একটি প্রভাবশালী মহল রফাদফা করার চেষ্ঠা করে আসলেও তা পারেনি। অবশেষে ভুক্তভোগী পরিবার সোমবার (১১অক্টোবর) রাতে ফুলবাড়ী থানায় একটি নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
এই নির্মম ঘটনাটি ঘটেছে গেল রবিবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাঠের পাড় গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রবিবার দুপুরে নির্যাতনের শিকার ৬ বছরের শিশুটি বাড়ীর উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী আব্দুস ছাত্তারের ছেলে ও শিশুটির পিতার চাচাত বোনের স্বামী সাইদুল হক (৪০) শিশুটিকে পরাটা খাওয়ার লোভ দেখায় এবং তার হাতে বিশ টাকার একটা নোট দেন। পরে তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। এসময় তার (সাইদুলের) বাড়ীতে লোকজন ছিলোনা। ফাঁকা বাড়িতে নিজ ঘরে নিয়ে গিয়ে শিশুটিকে জোড়পূর্বক পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে শিশুটির চিৎকারে তার মাসহ কয়েকজন নারী দ্রুত ঘটনাস্থলে গেলে নির্যাতনকারী সাইদুল পালিয়ে যায়। পরে স্বজনরা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শিশুটি বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার রাতে ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
শিশুটির মা জানান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে মেয়ের চিকিৎসা চলমান রয়েছে। তার অবস্থা ভালো নয়। তিনি ওই লম্পটের উপযুক্ত বিচার চান।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ৮। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এমদাদুল হক মিলন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট ফুলবাড়ী ( কুড়িগ্রাম) 


















