গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৩ কেজি গাঁজাসহ আব্দুস সামাদ ব্যাপারী (৫৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক বহনের একটি সিএনজি জব্দ করা হয়।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার কান্তনগর বটতলা নামকস্থানে এ অভিযান পরিচালনা করে রংপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত আব্দুস সামাদ ব্যাপরী নলডাঙ্গা ইউনিয়নের মান্দুয়ারপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান ব্যাপারীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করে রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মোজাফ্ফর হোসেন শাহ্ জানান, আব্দুস সামাদ ব্যাপারী তার সিএনজির সিটের নিচে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সিএনজি তল্লাশী করে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার জানান, এ ঘটনায় থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে। জব্দকৃত গাঁজার দাম প্রায় ৯০ হাজার টাকা।
স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 
















