লালমনিরহাটে নারীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে সেলাই মেশিন ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, নারীদের সক্ষমতা বৃদ্ধি এবং ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টাঢ লালমনিরহাট সদর উপজেলার ৬নং খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
অনুষ্ঠানে অসচ্ছল ও আগ্রহী নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়া উক্ত ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এর মাধ্যমে নারীদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 





















