পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে নৌকার ধাক্কায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. রাকিবুজ্জামান রকি (২২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা এলাকার পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে লক্ষীকুন্ডা নৌ পুলিশ।
নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শৈলকূপার কাতলা গাড়ি ঘাট থেকে প্রায় ১২০ জন যাত্রী নিয়ে একটি পিকনিকের নৌকা রাজশাহীতে বেড়াতে যায়।
ভ্রমণ শেষে রাতে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের কাছে পৌঁছালে অন্ধকার ও নদীর স্রোতের মধ্যে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা দেয়।
এ সময় নৌকায় থাকা রাকিবুজ্জামান রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যান। পরে লিটন ও ওহাবকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রকির কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ রকিকে উদ্ধারে গত দুই দিন ধরে নদীতে অভিযান চালানো হয়।
অবশেষে রোববার সকালে লক্ষীকুন্ডা এলাকার পদ্মার শাখা নদী থেকে রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পরে মরদেহটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য নেওয়া হয়।
লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 






















