বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নিপীড়ন প্রতিরোধ পাক্ষিক গাইবান্ধায় পালিত হয়েছে। দিবসটিতে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় ১০ জন নারীকে সম্মাননা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গাইবান্ধা জেলা কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক-জেনারেল মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে বেগম রোকেয়ার জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল মতিন। বিশেষ অতিথি পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান শাহ সরওয়ার কবির, সাংবাদিক কে এম রেজাউল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ আশরাফুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার প্যারাবোন্ড গ্রামে একটি সীমাবদ্ধ অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। একই তারিখে ১৯৩২ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। বেগম রোকেয়া তার লেখনীর মাধ্যমে নারীসমাজকে পুনরুজ্জীবিত করেছেন এবং মুসলিম নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও শিক্ষার অধিকারের জন্য জোরালো কথা বলেছেন।
আলোচনাশেষে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় ১০ জন নারীকে সম্মাননা পুরস্কার বিতরণ করেন। যারা সংগ্রাম ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে জীবনে সফলতা অর্জন করেছেন এবং সমাজে মডেল হয়েছেন তাদের মাঝে এই পুরস্কার।
স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 
















