উচ্চ শব্দে মাইক বা ডিজে না বাজাতে দিনাজপুরের খানসামা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।
নির্দেশনা দিয়েই তিনি বসে থাকেননি। শব্দদূষণ করে গণ-উৎপাত সৃষ্টি করার দায়ে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক যুবককে ২০০ টাকা জরিমানা করেছেন।
এক গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক যুবককে ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি শনিবার রাতে ইউএনও খানসামা দিনাজপুর নামে অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় এলাকাবাসী, ২০২৪ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাসমূহ চলমান। পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিঘ্নহীন প্রস্তুতির কথা বিবেচনা করে দিনে বা রাতে উচ্চ শব্দে মাইক বা ডিজে সাউন্ড সিস্টেম চালাবেন না। শব্দদূষণ শাস্তিযোগ্য অপরাধ। এ সংক্রান্ত যেকোনো অভিযোগ প্রশাসনকে জানান। কল করুন ৯৯৯ বা ০১৩২০১৩৬৫৭৩ বা ০১৭৬১৪৯৩৫২৯ নম্বরে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, প্রায় সময়ই উচ্চ শব্দে মাইক বা ডিজে সাউন্ড বাজানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রচারণা চালানো হচ্ছে। যারা এই নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















