দিনাজপুরের খানসামায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে আশ্রয়ণের ১০টি ঘর ভস্মিভূত হয়েছে। ওই আগুনে পুড়ে ৪টি গরু ও ৬টি ছাগলও মারা যায়। সংবাদ পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকান্ডের ঘটনাটি
মঙ্গলবার দিবাগত আনুমানিক রাত ৮টায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাটের পূর্বপাশে আশ্রয়ণ পাড়ায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশ্রয়ণের জনৈক ব্যক্তির ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূর্হুতের মধ্যেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে আশ্রয়ণের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আশ্রয়ণের ১০টি ঘর পুড়ে ভস্মিভূত হয় যায়। পাশাপাশি আগুনে পুড়ে ১০টি গবাদিপশুও মারা যায়। এ সংবাদ পেয়ে খানসামা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ কমল রায় জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, অনাকাঙ্খিত এমন ঘটনা খুবই দুঃখজনক।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন জাগো২৪.নেট-কে বলেন, প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবারের প্যাকেট ও কম্বল বিতরণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















