গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাথী বেগম নামের এক গৃহবধূকে নির্যাতনের পর বাড়ি থেকে বের করে দেয় স্বামী নুরুজ্জামান মিয়া। এসময় অবুঝ শিশু নিঝুম আক্তার (৩) কে দেওয়া হয়নি সাথীকে। অবশেষে সেই শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরে দিলেন পুলিশ।
রোববার (২৪ মার্চ) সুন্দরগঞ্জ থানা পুলিশ ওই শিশুকে উদ্ধার করে মা সাথী বেগমের জিম্মায় দেন। দীর্ঘ ১১ দিন পর এই শিশু পেয়ে খুবই খুশি সাথী বেগম।
জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাথী বেগমের একযুগ আগে বিয়ে হয় ছাইতানতলা গ্রামের ফুল মিয়ার ছেলে নুরুজ্জামান মিয়ার সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের সোহাগ মিয়া (৭) ও নিঝুম আক্তার (৩) নামের দুই সন্তান রয়েছে। এরই মধ্যে পারিবারিক বিষয় সাথীকে মানসিকভাবে নির্যাতনের পর বাড়ি থেকে বের করে দেয় নুরুজ্জামান। এসময় সাথীকে দেওয়া হয়নি অবুঝ শিশু নিঝুমকে। এ শিশু ফিরে পেতে থানায় আবেদন করেন সাথী বেগম।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সাথীর আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শিশু নিঝুমকে উদ্ধার করা হয়। এরপর সাথীর জিম্মায় দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















