দিনাজপুরের খানসামা উপজেলায় এক রাতেই গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি হয়েছে। এতে এলাকাবাসী গরু চুরির আতঙ্কে রয়েছেন। এ চুরির ঘটনাটি গত ৪ নভেম্বর সোমবার রাতে উপজেলার ভেড়ভেড়ী গ্রামের বৃন্দার বাজার ডাঙ্গাপাড়া এলাকায় রমনীকান্ত রায়ের ছেলে দিনমজুর কৃপনাথ রায়ের বাড়িতে ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃপনাথ রায় জানান, ওইদিন রাতে ৬টি গরুকে গোয়ালঘরে রেখে বাড়ির সদস্যরা নিজ নিজ শয়নকক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে আমার মা ঘুম থেকে জেগে উঠে ঘরের বাইরে বের হয়ে গোয়ালঘর খোলা দেখতে পান। এসময় তিনি গোয়ালঘরে গিয়ে দেখতে পান সেখানে কোন গরু নেই। এসময় তাঁর শোর-চিৎকার শুনে বাড়ির সকলেই ঘুম থেকে উঠে আসেন এবং গোয়ালঘরের বাঁশের বেড়া ও দরজা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এসময় তারা গোয়ালঘর গরু শুন্য দেখতে পান। রাতের কোনো এক সময়ে চোরেরা বাড়িতে প্রবেশ করে গোয়ালঘরের বাঁশের বেড়া ও দরজা ভেঙ্গে বিভিন্ন বয়েসী দেশি ও শাহীওয়াল জাতের দুইটি গাভী, দুইটি বাছুর ও দুইটি এঁড়ে চুরি করে নিয়ে যায়। এসব গরুর বাজার মূল্য আনুমানিক ৪ লাখ টাকা। তিনি আরও জানান, কষ্টার্জিত অর্থ দিয়ে এসব গরু ক্রয় করে লালন-পালন করছিলেন। গরুগুলো চুরি হয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে গেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, গরু চুরির বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। এ চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেলে অবশ্যই গরু উদ্ধার ও চোরদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















