দিনাজপুরের পার্বতীপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় আছিয়া খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সড়ক দূর্ঘটনাটি রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের পার্বতীপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের বেলতলী বাজারে ঘটেছে। নিহত আছিয়া খাতুন (৬০) পার্বতীপুর উপজেলার উত্তর সালদারপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় বেলতলীবাজারে একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও রিকশাভ্যানের চালকসহ আরোহী আছিয়া খাতুনের দুইটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত ইজিবাইক ও রিকশাভ্যানের চালককে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















